মোঃ রুবেল আহমেদ , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানি নিষ্কাশনের কালভার্ট ও স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের অন্তত ১৫টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পক্ষে মোঃ ফারুক মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ জমসিদ মিয়া খান প্রভাব খাটিয়ে তার জমির চারপাশে পাকা বাউন্ডারি নির্মাণ করেছেন। এর ফলে দীর্ঘদিনের ব্যবহৃত পানি নিষ্কাশনের কালভার্ট ও বৃষ্টির পানি নামার পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি জমে থাকায় এলাকার মাটির ঘরগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। অনেক পরিবারের বসতভিটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় স্থানীয় মসজিদ, মাদরাসা ও কবরস্থানে যাতায়াত করতে পারছেন না সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পানি চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানালে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা সাধারণ মানুষকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত এই সমস্যার সমাধান এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথটি পুনরায় সচল করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে তাদের ঘরবাড়ি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।